

চট্টগ্রাম ও কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত আন্তজেলা চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের ভুজপুর থানা-পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত ২টি নোহা মাইক্রোবাস এবং চোরচক্রের কাছ থেকে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ২টি ফোরটি এইট ভোল্ট (VISION 48V 100 AH) ব্যাটারিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার লাকসাম এলাকার মোঃ সোহাগ (৩৪), মোঃ শামসুদ্দিন (৪১), মোঃ মোজাম্মেল হক (৩২) ও মোঃ সাইফুল ইসলাম স্বপন (৪৪); ঢাকার কেরানীগঞ্জের সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২) এবং কুমিল্লার সদর দক্ষিণ এলাকার মোঃ ইউনুস (৪২)।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোরে ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে গ্রামীণফোনের একটি টাওয়ারের বিটিএস (BTS) রুমের লক গার্ড ভেঙে ৪টি ব্যাটারি চুরি হয়। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ৬টি ব্যাটারি চুরি হয়। এসব চুরির ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় একটি মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ভুজপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল তদন্তে নামে। তদন্তের ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মোঃ সোহাগ, সাহিদ হোসেন শিবলু, মোঃ শামসুদ্দিন, মোঃ মোজাম্মেল হক ও মোঃ ইউনুসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
পরবর্তীতে ২৮ অক্টোবর আদালতের নির্দেশে আসামিদের দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাইফুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস ও ২টি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।

ভুজপুর থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চুরি হওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।