
চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ১২:০০ টা থেকে ১:৩০ টা পর্যন্ত ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধুরুং খালের পাশে টিলা কেটে মাটি পাচারের খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
অভিযানকালে অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে হাতেনাতে দুইজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে প্রায় ২৪ বস্তা মাটি জব্দ করা হয়। পরবর্তীতে পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত ২৪ বস্তা মাটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় টিলা ও পাহাড় কাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।