
চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে গাজা সেবনের দায়ে মোহাম্মদ আরাফাত উল্লাহ (২৫) নামের এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ৮:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহায়তায় নাজিরহাট পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আরাফাত উল্লাহ নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আবুল মনসুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চুরকারহাট এলাকায় ভূজপুর থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রকাশ্যে গাজা খাওয়া অবস্থায় আরাফাত উল্লাহকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাদক ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।