

আওলাদে রাসুল (স.), ইমামুল আউলিয়া গাউছুল আজম হযরত সৈয়দ গোলামুর রহমান আল হাসানী মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবার তৃতীয় শাহজাদা, গাউছে জামান হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মাহাবুল বশর মাইজভাণ্ডারী (ক.)-এর কনিষ্ঠ পুত্র, শাহজাদায়ে গাউছুল আজম, ছানীয়ে ওয়াইজকুরুনী, মজ্জুবে রহমান, শাহসূফি আলহাজ্ব হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.আ.) প্রকাশ চেয়ারম্যান বাবাজানের ৮২তম পবিত্র খোশরোজ শরীফ চট্টগ্রামের ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার শরীফে মহাসমারোহে উদযাপিত হয়েছে।
গতকাল রবিবার (২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ) মাইজভাণ্ডার শরীফের গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিলে বাবাজানের রওজা মোবারক প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির মধ্য দিয়ে এই খোশরোজ শরীফ পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, বাবাজানের রওজা মোবারকে গিলাফ চড়ানো, মিলাদ-কিয়াম, জিকির-আজকার, ছেমা মাহফিল ও আলোচনা সভা। এছাড়া পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং আগত আশেক, ভক্ত ও জায়েরীনদের জন্য তবারুকের ব্যবস্থা করা হয়।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের অগণিত আশেক, ভক্ত ও জায়েরীনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আধ্যাত্মিক মিলনমেলা সফলভাবে সম্পন্ন হয়। খোশরোজ শরীফে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাবাজানের তিন শাহজাদী মহোদয়গণ এবং আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদ।