
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (৩০ আগস্ট) রাত ১০:০০ টা থেকে রাত ১১:৪৫ টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— বাগানবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদিউজ্জামানের ছেলে নুর আলম (৪০) এবং শোভনছড়ি এলাকার মৃত আবদুর ছোবহানের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় এই দুইজনকে আটক করা হয়। সাজা প্রদানের পাশাপাশি জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে। আটক ব্যক্তিদের নিকট থেকে মোট ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।