
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে জশনে ঈদে মিলাদুন্নাবী, জিকরে মোস্তফা ও মেহফিলে সেমা। হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী (রা.) সুন্নাতের অনুসরণে প্রতি চন্দ্র মাসের ২২ তারিখ জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) স্মরণে এই মাহফিল ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। পবিত্র রবিউল আউয়াল শরীফ উপলক্ষে এবারের আয়োজন ছিল আরও বৃহৎ পরিসরে ও বর্ণাঢ্য সমারোহে। মেহফিলে নাতে রাসূলে মকবুল (দ.) ও আজমতে গাউসুল আজম মাইজভাণ্ডারী পরিবেশন করেন অর্ধশতাধিক মাইজভাণ্ডারী প্রখ্যাত কাওয়াল ও তবলা বাদকবৃন্দ।
মেহফিলে সদারত করেন শাহসূফি সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। মিলাদ, কিয়াম ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মুফতি সৈয়দ শহীদুল্লাহ কাওসার রাব্বি। আয়োজনে ছিল মান বান্দায়ে মুহাম্মদ (সা.) সূফি ইউনিটি। রাতভর নাত রাসুলে মাক্ববুল (সা.) এর সুরে মুখরিত এই প্রেমময় মিলনমেলায় অংশ নেন হাজারো আশেকে রাসূল।