
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পাইন্দং নয়াবাজার এলাকায়সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের ৮নং ওয়ার্ডের বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার পুত্র বরিউল হোসেন রবি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইন্দং নয়াবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হন রবি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি মারা যান বলে জানা গেছে।
উল্লেখ্য, আজ সকালে একই মহাসড়কের পাইন্দং আমতলী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল মেকানিক মোহাম্মদ শাহজাহান ও তাঁর পুত্র মোহাম্মদ আরিফ নিহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় আবারও প্রাণহানির ঘটনা জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং নয়াবাজার ও আশপাশের অংশ বর্তমানে দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, বেপরোয়া ওভারটেকিং এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।