

“হজ্বের টাকায় দুঃস্থ মানুষের সেবায় হজ্বে আকবর”— বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর এই মহতী দর্শনকে পাথেয় করে উদীয়মান তরুণ প্রজন্মের উদ্যোগে প্রবীণ শ্রমজীবী রিকশাচালকদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ‘র ৩৮তম বার্ষিক উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মাঝিরঘাট ২৯ ও ৩০ নং ওয়ার্ড শাখার ১০ দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো এই মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্থানীয় উদীয়মান তরুণদের সক্রিয় অংশগ্রহণে এলাকার বয়োবৃদ্ধ ও প্রবীণ শ্রমজীবী রিকশাচালকদের হাতে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে প্রবীণ প্রবীণ মুরুব্বিরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং আয়োজক তরুণদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।
আয়োজক সংগঠনের তরুণ প্রতিনিধিরা জানান, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির দিকনির্দেশনা ও মওলা মাইজভাণ্ডারীর প্রতি অগাধ ভালোবাসা থেকে প্রবীণ শ্রমজীবী মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। সমাজসেবামূলক ও মানবকল্যাণকর এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পাশাপাশি, যাঁদের অক্লান্ত পরিশ্রম, সুচিন্তিত পরামর্শ এবং প্রত্যক্ষ সহযোগিতায় ১০ দিনব্যাপী কর্মসূচির এই বিশেষ পর্বটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, তাঁদের সকলের প্রতি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মাঝিরঘাট শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।