
ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি
উপমহাদেশের আধ্যাত্বিক কেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম সাধক, শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল হাছানী আল মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.)এর ৮০ তম বার্ষিক ওরশ শরীফ মহান ২২ চৈত্র চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে।
গত এক সপ্তাহ ধরে চলছে ওরশ শরীফের কর্মসূচী। রবিবার (৫ এপ্রিল) প্রধান দিবস।
ইতোমধ্যে ওরশ শরীফে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশেক ভক্তের আগমনে মুখরিত হয়ে উঠেছে মাইজভাণ্ডার শরীফ।
ওরশ উপলক্ষ্যে বাবা ভাণ্ডারীর রওজাসহ অন্যান্য রওজা শরীফ আলোক সজ্জায় সজ্জিত, গোসল শরীফ, গিলাফ ছড়ানো, কোরআন খতম, খতমে গাউছিয়া, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে মনজিলগুলো।
এদিকে ওরশ উপলক্ষে সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে আশেক ভক্তরা দরবারে আসছে। তাদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরীফ। ভাণ্ডারী গানের সুরে, ঢোলের তালে, ভক্তির সাথে, হাদিয়া নজরাসহ দরবারে প্রবেশ করেছেন ভক্তরা। মাইজভাণ্ডারে এসে স্ব-স্ব মঞ্জিলে সাজ্জাদানশীনগণদের সাথে সাক্ষাৎ করতে দেখা যায় ভক্তদের।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পে ক্যাম্পে ভক্তরা অবস্থান করে মাইজভাণ্ডারী গান করছেন, ঢোলের তালে, গানের সুরে অজদ করছেন।
শনিবার থেকে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইতোমধ্যে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়েছে। এছাড়া আজ প্রধান দিবসের দিন স্ব স্ব মনজিলের সাজ্জাদানশীনগণ আখেরী মোনাজাত পরিচালনা করবেন।
এদিকে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন পরিবহনে ওরসে যোগদানকারী ভক্ত-জনতার নিরাপত্তা প্রদান, যানজট নিয়ন্ত্রণ, বিশাল এলাকায় আলোকসজ্জার ব্যবস্থা, আগত গাড়িগুলো সুশৃংখলভাবে নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কের একপাশে পার্কিং, শান্তি-শৃংখলা রক্ষা, স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, অনৈতিক অপকর্ম দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেয়া, বিভিন্ন পর্যায়ের দোকানগুলোর ওপর নজরদারি, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ নানা বিষয়ে প্রশাসন ও মনজিল কর্তৃপক্ষ কাজ করছেন।