ফটিকছড়ির হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ভুজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন হালদা নদী এলাকায় এ অভিযান চালানো হয়। ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সার্বিক সহযোগিতা করে ভুজপুর থানা পুলিশ।
অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি নৌকা জব্দ করে সেটির তলা ছিদ্র করে ধ্বংস করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৯০০ বর্গফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট নোটিশ প্রদান করা হয়।

তবে অভিযান পরিচালনাকালীন ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ ও নদীর ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।