মোঃ রহিম ভুজপুর থানা প্রতিনিধি:-
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে বিডি ক্লিন ফটিকছড়ি টিমের উদ্যোগে আয়োজন করা পরিচ্ছন্নতা সপ্তাহ।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুল হায়দার শপথ বাক্য পাঠের মাধ্যমে শুরু হওয়া এ অভিযানে ফটিকছড়ি টিমের সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
অভিযান শেষে বিডি ক্লিন ফটিকছড়ি টিমের সদস্যরা বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুল হায়দার বলেন, “বিডি ক্লিন-ফটিকছড়ির এমন উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মাঝে একটি নতুন অভিজ্ঞতা সৃষ্টি করেছে। এর মাধ্যমে তারা শুধু পরিচ্ছন্নতার গুরুত্বই বুঝতে পারছে না, বরং নিজের দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার দিক থেকেও এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।”
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা টিমের উপ-সমন্বয়ক সাবিহা ইয়াসমিন, লজিস্টিক মডারেটর নাজমুল আসিফ এবং সদস্য মোঃ আরাফাত, মোঃ মোরশেদ, মোঃ রহিম প্রমুখ।
এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।