“মানুষের সেবা করাও আল্লাহর ইবাদত”— বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর এই মহান বাণীকে পাথেয় করে ফটিকছড়িতে জরাজীর্ণ ঘর সংস্কারে এক অসচ্ছল বাসিন্দাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
(১১ অক্টোবর ২০২৬) মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সুয়াবিল দায়রা শরিফ শাখার গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনটির “গৃহনির্মাণ সহায়তা প্রকল্প”-এর আওতায় সুয়াবিল ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ছদর উদ্দীনকে নতুন বসতঘর নির্মাণের জন্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকার আর্থিক তোহফা হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি সুয়াবিল দায়রা শরিফ শাখার প্রতিনিধি দল মোহাম্মদ ছদর উদ্দীনের বসতঘরের সার্বিক অবস্থা পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, পরিবারটির থাকার ঘরটি ছিল অত্যন্ত জরাজীর্ণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তৎক্ষণাৎ প্রতিনিধি দলের সদস্যরা তাকে নতুন করে নিরাপদ ঘর নির্মাণে উৎসাহিত করেন এবং সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা তুলে দেন।
শাখা নেতৃবৃন্দ জানান, গাউসিয়া হক কমিটির দেওয়া এই ছোট্ট তোহফা ও উৎসাহই জরাজীর্ণ ঘর ভেঙে নতুন করে নিরাপদ একটি বসতঘর তৈরির আত্মবিশ্বাস জুগিয়েছে। আলহামদুলিল্লাহ্, আজ সেখানে একটি সুন্দর ও নিরাপদ ঘর নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মানবসেবায় এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।