চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন মাদকসেবীকে আটক ও দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত থেকে বুধবার সকাল ৭:০০ টা পর্যন্ত উপজেলার ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৫ দিন করে মোট ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে মোট ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট ৪টি পৃথক মামলায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
দণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর জব্দকৃত সকল মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
