চট্টগ্রামের ফটিকছড়িতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবনকালে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃতদের মধ্যে এক তরুণকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর, ২০২৬) রাত ১০:০০টা থেকে রাত ১১:৩০টা পর্যন্ত উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মো. ফারুক হোসেনকে (২২, পিতা- মিজান মিয়া, ৬ নং ওয়ার্ড, বাগানবাজার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে অপর দুই আটককৃত ব্যক্তি বয়সসীমায় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপরাধ স্বীকারোক্তি ও মুচলেকা গ্রহণপূর্বক নিজ নিজ অভিভাবকের জিম্মায় সোপর্দ করা হয়। অভিযানকালে উদ্ধারকৃত ইয়াবাসহ আনুসঙ্গিক আলামত ও জব্দকৃত মাদক স্পটেই ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ও তরুণ প্রজন্মকে রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
