চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৬:০০টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের 'সাদ্দামের খামার' সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং প্রায় ৭০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮,০০০ (আট হাজার) ঘনফুট বালু জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জব্দকৃত বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার লক্ষ্যে ইতোমধ্যেই নোটিশ জারি করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রকৃতির ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।