চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে মাটি ও টিলা কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ডলু রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
প্রশাসন সূত্রে জানা যায়, ডলু রাবার বাগান এলাকায় অবৈধভাবে মাটি ও টিলা কাটার খবরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী মোঃ ইকবাল নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে পাহাড়, টিলা ও মাটি কাটা রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।