এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলনমূলক সংগঠন আলোর পথের ব্যবস্থাপনায় মাসিক মহিলা মাহফিল ৩১ অক্টোবর শনিবার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। “সামাজিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার আলোকে পরিবারের ভূমিকা” শীর্ষক নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন সাউদার্ণ ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট ইসলামি স্কলার ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী। তিনি বলেন, পরিবার হলো সুষ্ঠু ও সুন্দর সমাজের ভিত্তি এবং নৈতিকতার পাঠশালা। মায়েদের ভূমিকা ও করণীয় সম্পর্কে তিনি বলেন, শিশুর নিষ্পাপ মনে শৈশব থেকেই ইসলামী মূল্যবোধ গড়ে তুলতে মানসম্মত সময়, প্রযুক্তির সীমা নির্ধারণ এবং বন্ধুত্বসুলভ পরিবেশ তৈরির মাধ্যমে বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজের প্রতি সম্পৃক্ত করার উপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাইমুনা ইস্কান্দর রাহিলা, পবিত্র নাতে রাসুল (দ.) পরিবেশন করেন মোসাম্মৎ নিপামনি এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন রাবেয়া ইয়াসমিন।
আলোর পথে ও দি মেসেজে’র সিনিয়র সদস্য সৈয়দা রাইসা ফাতেমার ইন্তিকালে তাঁর বিদেহী আত্মা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মাগফেরাত কামনা করে আলোর পথে পরিবারের পক্ষ থেকে শোক বার্তা প্রদান করেন এডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তা।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাউজান নোয়াপাড়া কলেজের অধ্যাপিকা শেখ বিবি কাউসার। এডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তার তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুহিন আক্তার ও আয়েশা সিদ্দিকা। আলোচনা শেষে দরুদ ও মিলাদ কিয়াম এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে উম্মতে মোহাম্মদীর সুখ-শান্তি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।